২০২৬ ফিফা বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে নতুন মিশন শুরু করলেন কাসেমিরো। ব্রাজিলের অভিজ্ঞ এই মিডফিল্ডারের অভিষেক ম্যাচেই জয় পেয়েছে ইন্টার মিয়ামি। রোববার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়লকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২২ জুলাই ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর এটাই ছিল কাসেমিরোর প্রথম ম্যাচ। শুরুর একাদশেই সুযোগ পেয়ে পুরো ৯০ মিনিট খেলেছেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে হারের পর এটাই ছিল তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
বিশ্বকাপের পর এটি ছিল ইন্টার মিয়ামির দ্বিতীয় লিগ ম্যাচ। তবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও মিডফিল্ডার রদ্রিগো ডি পল এখনও বিশ্রামে থাকায় তাদের ছাড়াই মাঠে নামে দলটি।
মন্ট্রিয়লের মাঠে প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় দ্বিতীয়ার্ধে। ৭০তম মিনিটে ইন্টার মিয়ামি পেনাল্টি পেলেও সঙ্গে ঘটে যায় দুঃখজনক ঘটনা। বক্সের ভেতরে বলের দখল নিতে গিয়ে পড়ে যান জার্মান বের্তারামে। জ্ঞান হারিয়ে ফেলায় প্রায় ১০ মিনিট মাঠেই চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
খেলা পুনরায় শুরু হলে স্পটকিক নিতে আসেন লুইস সুয়ারেজ। ৮০তম মিনিটে প্যানেঙ্কা শটে গোল করে দলকে এগিয়ে দেন উরুগুইয়ান তারকা। গোল উদযাপনের সময় বের্তারামের ১৯ নম্বর জার্সি তুলে ধরে আহত সতীর্থের প্রতি সমর্থন জানান তিনি। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ইন্টার মিয়ামি।
এই জয়ে ১৭ ম্যাচে ১১ জয়, ৪ ড্র ও ২ হারে ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে মিয়ামি। টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে মিয়ামি। অন্যদিকে ১৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানেই রয়ে গেছে মন্ট্রিয়ল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

