পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুরে অগ্নিদগ্ধ হয়ে আল-সাদী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার তিন দিন পর বুধবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আল-সাদী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল-সাদী পূর্বে দুই বিয়ে করেছিলেন এবং সেই সংসারগুলো ভেঙে যায়। সম্প্রতি তিনি তৃতীয় বিয়ে করেন। তবে নতুন স্ত্রীর সঙ্গেও পারিবারিক বিরোধ তৈরি হয় এবং একপর্যায়ে স্ত্রী তার ছোট ভাইয়ের সঙ্গে চলে যান। এতে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েন।
এরই জেরে গত সোমবার বিকেল ৫টার দিকে বসতবাড়ির অদূরে রাস্তায় গিয়ে আল-সাদী নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, এক যুবকের দগ্ধ হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

