শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

জিপিএ-৫ পাওয়া স্কাউট শিক্ষার্থীদের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ

জিপিএ-৫ পাওয়া স্কাউট শিক্ষার্থীদের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউট ও রোভার স্কাউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাজেট থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের দেখলে ভালো লাগে। যারা ভালো ফল করতে পারেনি, তাদের নিয়েও আমাদের কাজ করতে হবে।’ আগামী শনিবার কচুয়ার পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে বসবেন বলেও জানান তিনি।

স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা জনসেবা, নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের শিক্ষা পায়। এখান থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়।

তিনি বলেন, ‘স্কাউট থেকে শেখা যায় কীভাবে জনসভা করতে হয়, কীভাবে নেতৃত্ব দিতে হয়, কীভাবে জনগণকে ভালোবাসতে হয় এবং কীভাবে দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে হয়। এখান থেকেই নেতৃত্বের শিক্ষা নিতে হবে।’

খেলাধুলার মাধ্যমেও নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে ওঠে উল্লেখ করে মন্ত্রী বলেন, তরুণদের মাদক ও অনৈতিকতা থেকে দূরে রাখতে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এই যে সামাজিক বিপ্লব, দেশে এত সংখ্যক মাদকাসক্ত রয়েছেন, নৈতিকতাবিবর্জিত আমাদের শিক্ষা ব্যবস্থা—এখান থেকে ফিরে আসতে হবে।’

এ জন্য প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিক্ষার্থীদের পুরস্কৃত করেছেন।

মন্ত্রী আরো বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে। কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস কালচার, ‘লার্নিং হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা যুক্ত করা হচ্ছে। স্কাউটের জন্য পৃথক স্কিম নেওয়া হয়েছে এবং বিএনসিসির জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। লেখাপড়া করতে হবে। অভিভাবকদের সম্মান করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে।

জাতি গঠন করতে হলে শৃঙ্খলার মধ্যে আসতে হবে এবং আদর্শকে সমুন্নত রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী বাংলাদেশ আজকের শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে।

মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা ভালো ফল করেছে, তাদের পুরস্কৃত ও সম্মানিত করা হবে। আগামী প্রজন্মকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও বেশি প্রয়োজন।

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের একটি করে মেডেল, অভিনন্দনপত্র ও নির্ধারিত যাতায়াত ভাড়া দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে অনলাইনে দুই হাজার টাকা করে দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন