কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়

চাঁদা না দেওয়ায় প্রকৌশলীর ওপর হামলা চার সহকর্মীর, থানায় অভিযোগ

চাঁদা না দেওয়ায় প্রকৌশলীর ওপর হামলা চার সহকর্মীর, থানায় অভিযোগ
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর চার হামলাকারী

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর তারই নিজ কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে একই অফিসের চার সহকর্মীর বিরুদ্ধে। বুধবার দুপুরে নিজ কক্ষে এই হামলার শিকার হয়ে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত হামলাকারীরা হলেন—একই কার্যালয়ের উচ্চমান সহকারী সোয়াইব আহমদ, অফিস সহকারী আবু বক্কর সিদ্দিক, কার্যসহকারী জাকির হোসেন ও ইশতিয়াক আহমেদ।

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার দুপুরে প্রকৌশলী মাহমুদুল ইসলাম নিজ অফিস কক্ষে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা তার কক্ষে ঢুকে কথা-কাটাকাটিতে লিপ্ত হন। অভিযোগ অনুযায়ী, গত দুই মাস আগে তাদের সংগঠনের এক কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা দেওয়ার জন্য চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এই তর্কের সূত্রপাত হয়। একপর্যায়ে অভিযুক্তরা মাহমুদুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র ও শক্ত বস্তু নিয়ে হামলা চালান। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর রক্তাক্ত জখম হন। পরে অফিসের অন্যান্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনার পর ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম অভিযুক্ত চারজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবুল কালাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত চার সহকর্মীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন