কল্পনাও করিনি, এই বিদায়টা এত দীর্ঘ হবে : ডলি সায়ন্তনী

কল্পনাও করিনি, এই বিদায়টা এত দীর্ঘ হবে : ডলি সায়ন্তনী

দীর্ঘ দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। মূলত সন্তানের লেখাপড়া ও সুন্দর ভবিষ্যতের টানেই তিনি পাড়ি দিয়েছেন কানাডায়। প্রবাসজীবনের দেড় বছর পূর্ণ হওয়ায় ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন এই শিল্পী।

দীর্ঘ বার্তায় ডলি সায়ন্তনী লিখেছেন, ‘২০২৫ সালের এই দিনটায় যেদিন নিজের প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে রওনা দিয়েছিলাম, তখন কল্পনাও করিনি, এই বিদায়টা এত দীর্ঘ হবে। ভাবিনি, বাস্তবতা মানুষকে এত কঠিন পরীক্ষার মধ্যদিয়ে নিয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেখানেই রেখেছেন, তার অশেষ রহমতে ভালো আছি। মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা আর আপনাদের শুভকামনাই আমাকে প্রতিদিন শক্তি দেয়।’

বিজ্ঞাপন

জীবনের ঘাত-প্রতিঘাতের প্রসঙ্গ টেনে ডলি লিখেছেন, ‘জীবনে কখনো কারও ক্ষতি করার চেষ্টা করিনি। সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। হয়তো অনেক মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি, বিশ্বাসভঙ্গের শিকার হয়েছি, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি আল্লাহ কখনো আমাকে নিরাশ করেননি। আজ প্রায় দেড় বছর হয়ে গেল দেশের বাইরে আমার এই প্রবাসজীবনের সবচেয়ে বড় কারণ আমার মেয়ের পড়াশোনা, তার ভবিষ্যৎ। আপনাদের সবার কাছে শুধু একটা অনুরোধ, ওর জন্য আমার জন্য দোয়া করবেন।’

দেশের প্রতি ভালবাসা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জানি না কবে আবার প্রিয় বাংলাদেশে ফিরতে পারব। মাঝে মাঝে দেশের জন্য মনটা এমনভাবে কাঁদে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন যখন কেউ বাংলাদেশ থেকে এসে দেখা করে, মনে হয় যেন একটু বাংলাদেশের গন্ধ, একটু বাংলাদেশের মাটি, একটু নিজের মানুষকে ছুঁয়ে দেখলাম।’

সবশেষে এই কণ্ঠশিল্পী লিখেছেন, ‘আমার মতো অসংখ্য প্রবাসী হয়তো এই অনুভূতিটা খুব ভালো করেই বুঝবেন। দূরত্ব যতই হোক, নিজের দেশের জন্য ভালোবাসা কখনো কমে না। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি, পৃথিবীর সব প্রবাসী একদিন যেন সুস্থ-সুন্দরভাবে তাদের প্রিয় মানুষের কাছে ফিরে যেতে পারেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন