চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও পলাতক আ.লীগ নেতা রেজাউল করিমের মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে ভবনটিতে পার্কিং না থাকায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নগরের সিপিডিএল, পিটুপি, জুমাইরাসহ বিভিন্ন ডেভলাপার কোম্পানিও ব্যক্তিকে মোট ২৭ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করেন সিডিরর ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন সিডিএর মহানগর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। এসময় উপস্থিত ছিলেন, সংস্থাটির তত্ববধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনজুর হাসান, অথরাইজড অফিসার-২ তানজীব হোসেন, সহকারী অথরাইজড অফিসার হামিদুল হকসহ ইমারত পরিদর্শকরা।
সিডিএ সূত্র জানায়, নগরের সাবেক চসিক মেয়র রেজাউল করিমের চকবাজারস্থ ছয়তলা ভবনে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবনটিতে কোন পার্কিং স্পেস রাখা হয়নি। সেখানে পার্কিং দখল করে হামদর্দ নামে একটি প্রতিষ্ঠানের শোরুম ভাড়া দেওয়া হয়েছে।
এর দায়ে ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং নভেম্বরের মধ্যে পার্কিং নিশ্চিত করার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অপরদিকে নগরীর শতবর্ষী আসকার দিঘির পাড় দখল করে অনুমোদন বিহীন বহুতল ভবন নির্মাণ করার ভবনের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
একই সঙ্গে ভবনটি সিলাগালা করা হয়। এছাড়াও নগরীর লালদিঘির পাড়ে নিয়ম বর্হিভূতভাবে ভবন নির্মাণ ও রাস্তা দখল করে হেমসেন লেন এলাকায় ভবন করা হচ্ছিল। অভিযান চালিয়ে ভবনগুলোর বিভিন্ন অংশ ভেঙে দিয়েছে সিডিএ। মোট সাতটি ভবনে অভিযান পরিচালনা করে ২৭ লাখ টাকা জরিমানা করেছে সিডিএ’র ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার-২ তানজীব হোসেন বলেন, সাবেক চসিক মেয়র রেজাউল করিমের ভবনসহ সাতটি ভবনে আমরা অভিযান পরিচালনা করে ২৭ লাখ টাকা জরিমানা করা হয়। মাস্টার প্ল্যানে সংরক্ষণের কথা থাকলেও প্রাচীন আসকার দিঘির পাড়ে ভবন নির্মাণ করা হচ্ছিল। সিপিডিএল, পিটুপি, জুমাইরা নামক ডেভলাপারকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানার আওতায় আনা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

