ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার বিক্ষোভকারীর হঠাৎ উপস্থিতি ও অভিযানে চরম দিশেহারা হয়ে পড়েছিল দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থা। কঠোর নিরাপত্তা ও ইন্টারনেট বন্ধ থাকার পরও গতকাল সোমবার বিক্ষোভকারীরা এক অভূতপূর্ব পরিস্থিতিতে ভারতের পার্লামেন্ট ভবনের কাছাকাছি পৌঁছে যান।
এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে, প্রায় ৩ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন এবং কয়েক স্তরের ব্যারিকেড থাকা সত্ত্বেও মূলত শিক্ষার্থী ও তরুণদের বিশাল এই জনস্রোত আটকানো যায়নি। একপর্যায়ে বিক্ষোভকারীরা পার্লামেন্টের কাছাকাছি পৌঁছে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে।
সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে বলা হয়, নেতৃত্বহীন এই বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে পার্লামেন্ট অভিমুখী রাইসিনা মার্গের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের পক্ষ থেকে খুব একটা বাধার মুখে পড়েননি। পার্লামেন্টের দিকে যাওয়া সব কটি সড়কেই বিক্ষোভকারীদের উপচে পড়া ভিড় ছিল। পথে তারা একাধিক ব্যারিকেড ভেঙে এগিয়ে যান।
সোমবার থেকে শুরু হওয়া ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এই নজিরবিহীন ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ঠেকাতে শেষ পর্যন্ত পার্লামেন্ট কমপ্লেক্স থেকে মাত্র ১০০ মিটার দূরে বাস দিয়ে পথ আটকে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
সূত্র: দ্য হিন্দু
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


