সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী স্মরণে শ্রদ্ধা

সুনামগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সালেহ চৌধুরী স্মরণে শ্রদ্ধা

কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক প্রেসিডেন্ট, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। মঙ্গলবার সন্ধ্যায় পৌরবিপণিস্থ কার্যালয়ে শ্রদ্ধা ও স্মরণসভায় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তার জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন ইনকিলাবের জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী, সংগঠনের সহসভাপতি আল হেলাল, সহসভাপতি সেলিম আহমেদ তালুকদার, কালবেলা প্রতিনিধি কুদরত পাশা, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন এবং এসএ টিভির প্রতিনিধি শাহরিয়ার সুমন।

স্মরণসভায় বক্তারা বলেন, দাবার বোর্ড থেকে শুরু করে শিল্পের প্লট, লেখালেখির বিস্তৃত জমিন এবং মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী রণাঙ্গন—সবক্ষেত্রেই বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর বলিষ্ঠ উপস্থিতি ছিল। তিনি আমাদের জাতিরাষ্ট্রের জন্মযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সঙ্গে তিনি গভীরভাবে জড়িয়ে আছেন।

বক্তারা আরো উল্লেখ করেন, ঢাকার ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্য ও সুনামগঞ্জ শহীদ মিনার প্রতিষ্ঠায় সালেহ চৌধুরীর বিশেষ ও ঐতিহাসিক ভূমিকা রয়েছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি চিরভাস্বর হয়ে থাকবেন। প্রখ্যাত এই ব্যক্তিত্বের স্মৃতির চর্চা ও তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন