ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচারের বিষয়ে যা বললেন জয়সওয়াল

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচারের বিষয়ে যা বললেন জয়সওয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র ও ঘনবসতিপূর্ণ এলাকার ভিডিও ধারণ করে সেগুলো ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য বলে প্রচারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। এ ধরনের কর্মকাণ্ডকে একটি দেশকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা উল্লেখ করে এর সমালোচনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন তাদের নজরে এসেছে। কোনো দেশকে এভাবে ভুল ও বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা দুর্ভাগ্যজনক।

বিদেশি নাগরিকদের মাধ্যমে ঢাকার বিভিন্ন এলাকাকে দিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়ে জয়সওয়াল বলেন, মিথ্যা তথ্য ও বানোয়াট বর্ণনা তৈরির এ ধরনের প্রচেষ্টা মূলত এর সঙ্গে জড়িত ব্যক্তি এবং যারা ভিডিও ধারণ করছেন, তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন ভারতের এই মুখপাত্র। তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি অনুরোধ জানাবেন।

সূত্র: এএনআই

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন