ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলী প্রাণনাশের হুমকিসংবলিত একাধিক চিঠি পেয়েছেন। সর্বশেষ পাওয়া দুটি চিঠিতে তাকে এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশে অভিযোগ করেছেন তিনি। কয়েক মাস ধরেই এ ধরনের হুমকিপূর্ণ চিঠি পাওয়ার কথা পুলিশকে জানিয়েছেন সৌরভ।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। হুমকির চিঠিগুলো কারা পাঠিয়েছে এবং এর পেছনে উদ্দেশ্য কী, তা খুঁজে বের করতে কাজ করছেন তদন্তকারীরা।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। চিঠির ভাষা, পাঠানোর উৎস এবং কুরিয়ার-সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
সর্বশেষ হুমকির চিঠি সৌরভ গতকাল তার কার্যালয়ে পান। এরপর তিনি ঠাকুরপুকুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। তার ব্যবস্থাপকের করা অভিযোগ অনুযায়ী, ওই দিন কার্যালয়ে আসা দুটি চিঠিতে সৌরভ ও তার স্ত্রী ডোনাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের ক্ষতি করার কথাও উল্লেখ ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে এ ধরনের চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টি খুব বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, সর্বশেষ চিঠি দুটি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকতে পারেন। এ বিষয়ে নিশ্চিত হতে কুরিয়ার প্রতিষ্ঠানের কাছ থেকে পার্সেলের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, চিঠি পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট একটি মোবাইল নম্বর শনাক্ত করা হয়েছে। ওই নম্বরের বর্তমান অবস্থান ও গতিবিধিও নজরদারিতে রাখা হয়েছে। কুরিয়ার সংস্থার কর্মীদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা।
তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, সৌরভকে পাঠানো সব হুমকির চিঠিই একই ব্যক্তির কাছ থেকে এসেছে কি না। পাশাপাশি হুমকির পেছনে প্রকৃত কারণ বা উদ্দেশ্য কী, সেটিও জানার চেষ্টা চলছে।
ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ২০০২ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বও পালন করেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


