৪ ভারতীয় ও ২ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

৪ ভারতীয় ও ২ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
India Trump

ইরানের তেল-বাণিজ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা ঘোষণা করে। ইরানের তেল বিক্রির মাধ্যমে যুদ্ধের অর্থায়ন বন্ধ করাই এ পদক্ষেপের লক্ষ্য।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ভারতীয় নাগরিক সুনীল কুমার শর্মা, তার স্ত্রী জাসপ্রীত প্রীতি শাহিদ ও তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আরো দুই ভারতীয় নাগরিক। এছাড়া সুনীলের সঙ্গে সংশ্লিষ্ট ৯টি প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ভুয়া পতাকা, জাল সনদ ও নথিপত্র ব্যবহার করে ইরানের তেল পরিবহনে নিয়োজিত নিষেধাজ্ঞাভুক্ত জাহাজগুলোকে আন্তর্জাতিক বিধিনিষেধ এড়াতে সহায়তা করেছে। এমনকি ইরানের সামরিক বাহিনী ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর হয়ে পরিচালিত জাহাজও এ সুবিধা পেয়েছে।

অভিযোগ অনুযায়ী, সুনীল ও তার স্ত্রী ভারতের চণ্ডীগড়ে বসে গায়ানা, এসওয়াতিনি ও লাওসসহ বিভিন্ন দেশের নামে জাহাজের নিবন্ধন ও সনদ দেওয়ার ভুয়া কার্যক্রম পরিচালনা করতেন। এ উদ্দেশ্যে তারা একাধিক ওয়েবসাইট ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।

এছাড়া ইরানের নিষেধাজ্ঞাভুক্ত বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে তুরস্কের প্রতিষ্ঠান ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনকরপোরেশনকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। প্রতিষ্ঠানটি ইরান এয়ার ট্যুর, সাহা এয়ারলাইনস, তাবান এয়ারলাইনস ও আতা এয়ারলাইনসকে বিভিন্ন সেবা দিয়ে আসছিল বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরান সরকারকে সহায়তাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা অব্যাহত থাকবে। স্থল, সমুদ্র কিংবা আকাশপথে—যেকোনোভাবে তেহরানকে সহায়তা করলে সংশ্লিষ্টদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর নতুন এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। ইরান যুদ্ধ এবং এর কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ নির্বাচনে প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, নির্বাচনি বিপর্যয়ের পরও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর বার্তা দিয়েছে ওয়াশিংটন। তবে এ পদক্ষেপ যুদ্ধ পরিস্থিতি প্রশমনের সম্ভাবনাকে আরো জটিল করতে পারে।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন