ভারতের উত্তরাখণ্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

ভারতের উত্তরাখণ্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
ছবি: সংগৃহীত।

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার যোশীমঠের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ছয়জন আরোহী ছিলেন। হেলিকপ্টারটি বদরীনাথ থেকে দেরাদুন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, চার্লি এক্স-রে কোম্পানির পরিচালিত হেলিকপ্টারটি হাতি পর্বতের কাছে নিখোঁজ হয়। পরে সেটির সন্ধানে আরো দুটি হেলিকপ্টার মোতায়েন করে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম এএনআইকে যোশীমঠ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনোহর কানিয়াল জানান, স্থানীয় সময় দুপুর ২টা ২১ মিনিটে যোশীমঠের মহকুমা প্রশাসনের কাছ থেকে চায়ি গ্রামের ওপরের এলাকায় হেলিকপ্টারটির জরুরি অবতরণ বা বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (ইউকাডা) কর্মকর্তারা জানিয়েছেন, বদরীনাথ থেকে সাহাস্ত্রধারাগামী ট্রান্স ভারত হেলিকপ্টারটির অবস্থান চায়ি গ্রামের ওপরের সেনা ক্যাম্পের কাছে শনাক্ত হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, যোশীমঠের কাছের চায়ি গ্রামের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধামি বলেন, তিনি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন