দাদার ফাতিহা ও দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে অটোভ্যান উল্টে বায়জিদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় ভ্যানে থাকা তাঁর মা বাতাসী বেগমও আহত হয়েছেন।
শুক্রবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফাবাড়ি ঈদগাহের গণিখার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর বায়জিদ তার মা বাতাসী বেগমকে নিয়ে অটোভ্যান চালিয়ে দাদার ফাতিহা অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে গণিখার মোড় এলাকায় পৌঁছালে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ভ্যানে থাকা তার মা রাস্তায় ছিটকে পড়ে যান এবং ভ্যানচালক বায়জিদ পিলারের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত মা ও ছেলেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বায়জিদকে মৃত ঘোষণা করেন।
নিহত বায়জিদের খালা শিল্পী বলেন, আমার বোন ও ভাগনে দাদার ফাতিহা অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আমার ভাগনে অটোভ্যান চালাচ্ছিল এবং বোন ভ্যানে বসা ছিলেন। দুর্ঘটনায় আমার ভাগনে মারা গেছে।
নিহতের বাবা লিটন মুন্সি জানান, তারা আগে দাদপুর এলাকায় বসবাস করলেও বর্তমানে রাজাপুর গ্রামে থাকেন। তাঁর বাবা গত শুক্রবার মারা যান এবং আজ শুক্রবারই তাঁর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে দুই দিন আগে তারা পুরোনো বাড়িতে যান। পরে তার স্ত্রী ছেলেকে নিয়ে বাড়িতে কাপড়চোপড় আনতে যান। সেখান থেকে ফেরার পথেই অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বোয়ালমারী থানার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) শিমুল আহমেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। কিশোর বায়জিদ নিজেই অটোভ্যান চালাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

