বাংলাদেশের নাট্যাঙ্গনে নির্ভরযোগ্য ও নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরী। গল্প নির্বাচন থেকে শুরু করে পাত্র-পাত্রী বাছাই—ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নিজের রুচিশীলতার স্বাক্ষর রেখে আসছেন। পরিচালনা জীবনের ২৫ বছর বা রজতজয়ন্তী পূর্ণ করার এই বিশেষ ক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে দেশের অন্যতম প্রধান প্রযোজনা প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’। প্রতিষ্ঠানটির বিশেষ প্রযোজনায় তিনি নির্মাণ করেছেন বিশেষ একক নাটক ‘বিষন্ন মেঘ’।
ইফফাত আরেফীন তন্বির রচনায় এই নাটকের মাধ্যমে প্রথমবার একই ফ্রেমে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তারকা জাকিয়া বারী মম, নন্দিত অভিনেতা ইরফান সাজ্জাদ এবং এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে। এ ছাড়া নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর ও মিলি বাশার।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘চয়নিকা বউদি নির্মাণে ২৫ বছর পার করলেন। সেই অর্জনের উদযাপনেই আমাদের এই ‘বিষন্ন মেঘ’। গল্পটা খুব সুন্দর, আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে।’
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘একজন পরিচালক হিসেবে দিদির ২৫ বছরের এই পথচলায় আমি বেশ কিছু কাজ করছি। টানা ২৫ বছর মান ধরে রেখে কাজ করতে হলে মেধার প্রয়োজন হয়। দিদির কাজের একটি নিজস্ব শৈলী আছে, যা দেখলেই বোঝা যায়। ‘বিষন্ন মেঘ’ তাঁর চেনা ঘরানার ভেতরেই বেশ ভিন্নধর্মী একটি গল্প। কাজটিকে ঘিরে আমি দারুণ আশাবাদী।’
অভিনেত্রী সাদিয়া আয়মান অনুভূতি প্রকাশ করে বলেন, ‘দিদি ভীষণ গোছানো একজন পরিচালক। ক্যারিয়ারের শুরু থেকেই তাঁর নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি। এবার প্রথম মম আপু, দিদি ও আমি একসঙ্গে কাজ করলাম, তাই নাটকটির সঙ্গে বিশেষ এক অনুভূতি জড়িয়ে আছে। রোমান্টিক গল্প বলায় দিদির জুড়ি নেই। ২৫ বছরের এই বিশেষ মুহূর্তে তাঁকে শুভকামনা জানাচ্ছি।’
প্রযোজনা প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’ সূত্রে জানা গেছে, নাটকটি খুব শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় সম্প্রচারিত হবে। পরবর্তীতে দর্শকরা নাটকটি উপভোগ করতে পারবেন ‘লেজার ভিশন’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

