ভারতে ‘ককরোচ পার্টি’র বিক্ষোভে আবারো সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

ভারতে ‘ককরোচ পার্টি’র বিক্ষোভে আবারো সংঘর্ষ, ইন্টারনেট বন্ধ

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আবারো উত্তেজনা ছড়িয়েছে। যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পাল্টা বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে মোট পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া এক পুলিশ সদস্যকে ধাওয়া করে মারধরের অভিযোগও উঠেছে।

সংসদ মার্গের পার্ক হোটেলের কাছে পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সেখানে বিক্ষোভকারীদের একটি অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

পরিস্থিতি শান্ত করতে পুলিশের অনুরোধে সিজেপির স্বেচ্ছাসেবকেরা বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান জানান। লাউডস্পিকারযুক্ত একটি পুলিশ বাসের ওপর দাঁড়িয়ে তারা শান্তি বজায় রাখা, ইট-পাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকা এবং সড়কে বসে শান্তিপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানান। স্বেচ্ছাসেবকেরা সতর্ক করেন, সহিংসতা আন্দোলনের লক্ষ্য ও অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এদিকে, সংঘর্ষের আশঙ্কায় যন্তর মন্তর স্মৃতিসৌধ ও আশপাশের সড়ক থেকে পাথর সরিয়ে ফেলতে দেখা যায় সিজেপির স্বেচ্ছাসেবকদের, যাতে সেগুলো সংঘর্ষে ব্যবহার করা না যায়।

পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় দিল্লির কিছু এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সরকারি নির্দেশনা অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরকে কেন্দ্র করে দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়।

তবে সব উত্তেজনার মধ্যেও যন্তর মন্তরের মূল বিক্ষোভস্থল শান্ত ছিল। নিরাপত্তার স্বার্থে সংসদ মার্গমুখী অংশ ব্যারিকেড ও দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানবাহন দিয়ে ঘিরে রাখা হয়। একই সঙ্গে সংসদ স্ট্রিট থানার আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন