মাতামুহুরিতে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

মাতামুহুরিতে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন যুবকের মৃত্যু
মেহেদী হাসান সাকিব

কক্সবাজারের মাতামুহুরি উপজেলায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান সাকিব (৩৪) নামে এক স্থানীয় পশু চিকিৎসক মারা গেছেন। এ ঘটনায় তার বাবা ও দুই ভাই আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার সকালে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন সাকিব। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা ওয়াজ উদ্দিন এবং দুই ভাই মোর্শারফ ও আরফাত বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার সকালে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, লাশ হেফাজতে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সাতডালিয়াপাড়া এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে নিহত সাকিবের ছোট ভাই মোর্শারফের সঙ্গে একই এলাকার তান্নু, হেলাল ও বেলালের কথা কাটাকাটি হয়।

এর জের ধরে শনিবার সকালে ওই তিনজনসহ আরো কয়েকজন সাকিবদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে সাকিব, তার বাবা ওয়াজ উদ্দিন, ছোট ভাই মোর্শারফ ও আরফাত আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। তবে অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন