নারীর উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

নারীর উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মো. শরীফুল আলম বলেছেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। যেমনটি তৎকালীন বেগম খালেদা জিয়ার সরকার নিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নারীদের উচ্চশিক্ষা অর্থাৎ অনার্স পর্যন্ত বিনাবেতনে অধ্যয়নের কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়া উচ্চশিক্ষায় বৃত্তির ব্যবস্থা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিক সহায়তা প্রদান এবং নানা কুটির শিল্প ও পাটজাত পণ্য তৈরিতে প্রশিক্ষণসহ সহজ শর্তে ঋণের মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে প্রাথমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদরাসা থেকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১৭০ জন শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্টের পাশাপাশি একটি করে গাছের চারা তুলে দেন।

গাছ বিতরণের গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, একটি গাছের চারাকে অতিসাধারণ মনে করা হলেও এটি আসলে তা নয়। একটি গাছ আপনার পরিবারের জন্য একটি ভবিষ্যৎ সম্পদ। গাছটিকে যত্ন করে লালন-পালন করলে এটি হয়ে উঠবে আপনার, আপনার চারপাশের পরিবেশের এবং সামগ্রিকভাবে দেশের জন্য একটি অতিপ্রয়োজনীয় সম্পদ। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয় এবং সর্বোপরি বিপদের দিনে আর্থিক সহায়তাও জোগায়।

ইউএনও কে. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক ও মো. নূরুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান এবং ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে উপজেলায় সর্বোচ্চ ২১টি ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করায় সেরা শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার লাভ করে কমলপুর মোজাফফর বেপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে মুসলেহ উদ্দিন-তাহমিনা উচ্চবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পৌর এলাকার সাতমুখী বিল এলাকার একটি পাকা রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন