মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকি

মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকি
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভকারীদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

গত কয়েক দিনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা—শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানসহ একাধিক এলাকায় শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকেরা বিক্ষোভ করছেন।

বিজ্ঞাপন

মুম্বাই কংগ্রেসের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এক পুলিশকর্মী একদল ছাত্রকে হুমকি দিচ্ছেন—তারা আবার বিক্ষোভে যোগ দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দেওয়া হবে।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে মুম্বাই পুলিশ ভিডিওটির সত্যতা এবং ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিডিওতে দেখা ওই পুলিশকর্মীকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, একদল তরুণকে একটি পুলিশ ভ্যানে তোলা হয়েছে, সম্ভবত বিক্ষোভস্থল থেকে তাদের আটক করা হয়েছিল।

ভ্যানে সামনের আসনে বসা এক পুলিশ সদস্যকে তাদের বাড়ি ফিরে যেতে এবং ভবিষ্যতে আর বিক্ষোভে না আসতে বলতে শোনা যায়।

ভিডিওতে ওই পুলিশকর্মীকে বলতে শোনা যায়, ‘তোমাদের আবার এখানে দেখা গেলে জীবন নষ্ট করে দেব।’

এরপর তিনি আরো বলেন, ‘তাদের ব্যাগে মাদকদ্রব্য রেখে মিথ্যা মামলা দেওয়া হতে পারে।’

পুলিশ কর্মী বলেন, ‘তোমাদের ব্যাগে ৫০-৫০ গ্রাম পাউডার রেখে দেব, আর তোমাদের জীবন শেষ হয়ে যাবে।’

কংগ্রেসের পোস্টে আরো বলা হয়, ‘যদি এই অভিযোগ সত্য হয়, তবে এটি শুধু ছাত্রদের ভয় দেখানোর চেষ্টা নয়, বরং এটি গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। নিজের মত প্রকাশ করা অপরাধ নয়। ছাত্রদের প্রশ্নের জবাব হুমকি দিয়ে নয়, জবাবদিহিতার মাধ্যমে দেওয়া উচিত।’

এদিকে বিক্ষোভ নিয়ন্ত্রণে মুম্বাই পুলিশের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। এর মধ্যে রয়েছে বিক্ষোভকারীদের ডিজিটাল নজরদারি এবং তাদের বাড়িতে গিয়ে সতর্ক করা।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন