মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিলেন মোদি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মেলোনিকে ‘মেলোডি’ টফি উপহার দিলেন মোদি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট ‘মেলোডি’ টফি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে প্রত্যাশিতভাবেই 'মেলোডি' (মেলোনি ও মোদি নামের সংমিশ্রণ) মিমের বন্যা বয়ে যায়।তবে এবার রসিকতায় মেতে ওঠেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদিও। তিনি মেলোনিকে পার্লে প্রোডাক্টসের তৈরি চকোলেট-ক্যারামেল ক্যান্ডি 'মেলোডি' টফির একটি প্যাকেট উপহার দেন।

মেলোনির শেয়ার করা এই উপহারের ভিডিওটি ভাইরাল হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে ভারতের শেয়ারবাজার দালাল স্ট্রিটে এক নজিরবিহীন ঘটনা ঘটে। বিনিয়োগকারীরা বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) টার্মিনালে 'পার্লে' নামটি খুঁজতে শুরু করেন এবং হুড়মুড় করে এর শেয়ার কিনতে থাকেন।

বিজ্ঞাপন

তবে এর পেছনে একটি বড় ভুল ছিল। বিনিয়োগকারীরা যে ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’-এর শেয়ার কিনছিলেন, প্রকৃতপক্ষে তারা মেলোডি টফি তৈরি করে না। বিস্কুট বা স্ন্যাকস জাতীয় কোনো পণ্যের সঙ্গেই তাদের সম্পর্ক নেই। এটি মূলত একটি অবকাঠামো, আবাসন, কাগজ এবং বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য (রিসাইক্লিং) পণ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান। আর মেলোডি টফির মূল প্রস্তুতকারক মুম্বাই ভিত্তিক এফএমসিজি জায়ান্ট 'পার্লে প্রোডাক্টস' (যারা পার্লে-জি, মোনাকো, হাইড অ্যান্ড সিক, ম্যাঙ্গো বাইট তৈরি করে) শেয়ারবাজারে তালিকাভুক্তই নয়। ফলে বাজারে তাদের কোনো শেয়ার বিক্রির জন্য ছিল না। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বিনিয়োগকারীরা নামের মিল দেখে ভুল পার্লের শেয়ার কিনে নেন।

ইরান যুদ্ধ নিয়ে বৈশ্বিক উদ্বেগের কারণে যখন পুরো শেয়ারবাজার পতনের মুখে, তখন পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ারে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। 'মেলোডি'র ভিডিওটি ভাইরাল হওয়ার এক ঘণ্টার মধ্যে কোনো বড় পারফরম্যান্স বা নতুন ক্রয়াদেশ ছাড়াই পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৯৫ রুপি থেকে ৫ দশমিক ২৫ রুপিতে পৌঁছায়।

গত ১২ মাসে যে কোম্পানির শেয়ারের দর প্রায় ৬৮ শতাংশ হ্রাস পেয়েছিল, বুধবার একটি কূটনৈতিক উপহার ও ভাইরাল উপনামের কল্যাণে তা হঠাৎ চাঙা হয়ে ওঠে। আর এই পুরো কাণ্ডটি ঘটিয়েছে মাত্র ১ রুপির একটি টফি।

সূত্র: এনডিটিভি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...