হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইয়েমেনের মোখা বন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার বন্দরটির পরিচালক এ তথ্য জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে বন্দর পরিচালক জানান, এসব হামলায় সাতজন নিহত হয়েছেন এবং আনুমানিক ১ কোটি ৬০ লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিতসাগরীয় বন্দরনগরী মোখায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
হুথি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, হামলার লক্ষ্য ছিল মোখায় সৌদি সামরিক অবস্থান ও অস্ত্রভান্ডার, পাশাপাশি সৌদি আরবের মদতপুষ্ট বাহিনী ও ভাড়াটে যোদ্ধাদের ব্যবহৃত সামরিক নৌযান।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথি বিদ্রোহীরা অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশাপাশি বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে।
চলতি মাসে গোষ্ঠীটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে। একই সঙ্গে সৌদি আরবেও হামলা চালিয়েছে তারা। এর মধ্য দিয়ে দেশটির সঙ্গে চার বছর ধরে চলা কার্যত যুদ্ধবিরতিরও অবসান ঘটেছে।
এদিকে, লোহিতসাগর ও হরমুজ প্রণালি—উভয় গুরুত্বপূর্ণ নৌপথেই যখন সামুদ্রিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে, ঠিক সেই সময়ে এ উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে।
সূত্র: সিএনএন
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


