কুড়িগ্রামের চর রাজিবপুরে সাপের কামড়ে রশিদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। সন্ধ্যার দিকে রান্নঘরে রান্না করতে গেলে হঠাৎ একটি সাপ রশিদা বেগমকে দংশন করে। পরে স্বজনেরা দ্রুত তাকে চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর সেখানে প্রয়োজনীয় অ্যান্টিভেনম না থাকায় কর্তব্যরত চিকিৎসক বাইরে থেকে অ্যান্টিভেনম সংগ্রহ করার পরামর্শ দেন। পরে বাইরে থেকে অ্যান্টিভেনম এনে প্রয়োগ করার পরপরই রশিদা বেগমের মৃত্যু হয়।
নিহতের স্বামী আজিবর রহমান অভিযোগ করে বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকা, চিকিৎসায় অব্যবস্থাপনা এবং চিকিৎসকের অবহেলার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে।
তবে চিকিৎসকের অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসিবুর রহমান হাসিব জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল। এ ব্যাপারে আমাদের কোনো গাফিলতি ছিল না।
এলাকাবাসীর দাবি, রশিদা বেগমের মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিৎসায় কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

