হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেল

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন একটি পথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তেহরান। আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নতুন এই নৌপথ নিয়ে এখন পর্যন্ত যেসব তথ্য জানা গেছে, সেগুলো হলো:

বিজ্ঞাপন

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী (আইনি ও আন্তর্জাতিক বিষয়) কাজেম ঘারিবাবাদি গত আগস্টের শেষ দিকে জানান, নতুন নৌপথটির প্রবেশপথ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে হবে। একইভাবে, নৌপথটির একটি অংশের বহির্গমন পথও ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে যাবে।

তিনি জানান, প্রস্তাবিত নৌপথটি হবে অস্থায়ী এবং এর প্রস্থ হবে ১১ দশমিক ৩ কিলোমিটার (প্রায় ৭ মাইল)।

তবে নৌপথটির সুনির্দিষ্ট স্থানাঙ্ক, কবে থেকে জাহাজগুলো নিরাপদে এই পথ ব্যবহার করতে পারবে এবং এর মাধ্যমে কীভাবে রাজস্ব আয় হবে—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

নৌপথ ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের পরিচালনাগত বিধি কার্যকর হবে, সেটিও স্পষ্ট নয়। বিশেষ করে কোনো নির্দিষ্ট ধরনের জাহাজ বা কোনো দেশের পতাকাবাহী জাহাজ এই পথ ব্যবহারে নিষেধাজ্ঞার আওতায় পড়বে কি না, তা এখনো জানা যায়নি।

ঘারিবাবাদি আরো বলেছেন, ইরান-ওমানের এই সমঝোতার অর্থ এই নয় যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির আওতায় নিজেদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন।

এর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির জব্দ থাকা সম্পদ মুক্ত করে দেওয়া।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন