প্রাপ্তবয়স্ক সন্তান বাবা-মায়ের সম্পত্তি নয়, তারা স্বাধীন ব্যক্তি—এমন রায় দিয়েছে ভারতের বোম্বে হাইকোর্ট। রায়ে বলা হয়, নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে প্রাপ্তবয়স্ক সন্তানদের।
মেয়েকে নিজের হেফাজতে ফেরত চেয়ে এক মায়ের করা রিট আবেদন খারিজ করে আদালত এ রায় দেয়। ওই তরুণী ১৭ বছর বয়সে টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে এক যুবকের সঙ্গে চলে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিলেও সে আবার ওই যুবকের কাছে চলে যায়।
আদালতে সরাসরি হাজির হয়ে তরুণী জানান, তিনি স্বেচ্ছায় ওই যুবকের সঙ্গে থাকতে চান। বর্তমানে তিনি প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে বলে আদালত জানায়।
আদালত আরো বলে, হেবিয়াস কর্পাস আবেদনে সফল হতে হলে বেআইনি আটক প্রমাণ করতে হয়। এ ক্ষেত্রে তা প্রমাণিত হয়নি।
উল্লেখ্য, হেবিয়াস কর্পাস হলো একটি আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে কিনা—তা নির্ধারণ করতে তাকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
শিশুর হেফাজতের ক্ষেত্রেও বাবা-মায়ের অধিকারের চেয়ে সন্তানের কল্যাণই সর্বোচ্চ—সুপ্রিম কোর্টের এই অবস্থানের কথাও উল্লেখ করে হাইকোর্ট।
ঘটনাটির সূত্রপাত নাগপুরে। ১৭ বছর বয়সে ওই তরুণী কোচিং ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি এক যুবকের সঙ্গে চলে যাচ্ছেন। পুলিশ তখন তরুণীকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে ওই তরুণী পুনরায় বাড়ি ছেড়ে চলে গেলে তার মা মেয়ের জিম্মা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।
সূত্র: এনডিটিভি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


