ভারতে চান্দিপুরা ভাইরাসের প্রাদুর্ভাবে ২২ শিশুর মৃত্যুর পর দেশটি পরিস্থিতি মোকাবিলায় বুধবার জাতীয় প্রতিক্রিয়া দল (ন্যাশনাল রেসপন্স টিম) মোতায়েন করেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট ও রাজস্থানে প্রাদুর্ভাবের পর স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহায়তা করতে এই বিশেষ দল কাজ করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইউএইচও) তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে বালুমাছি (স্যান্ডফ্লাই), মশা ও টিকের মাধ্যমে চন্দিপুরা ভাইরাস ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে মস্তিষ্কে প্রদাহ (এনসেফালাইটিস) সৃষ্টি হতে পারে, যা শিশুদের জন্য বিশেষভাবে প্রাণঘাতী।
গুজরাটে এ ভাইরাসে কয়েক শিশুর মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া জানান, ১৮৪ জন রোগীর রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৩৫ জনের শরীরে চন্দিপুরা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে, রাজস্থানেও গত মাসে চন্দিপুরা ভাইরাসে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি, পরীক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, দ্য হিন্দু
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


