গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামাসের বিশেষ বাহিনী ‘নুখবা’র এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। বুধবারের এক বিমান হামলায় মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদি নিহত হন বলে জানিয়েছে তারা।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, আল-কাদি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলায় অংশ নিয়েছিলেন। একই সঙ্গে রাফাহ এলাকায় হামাসের হাতে জিম্মিদের আটকে রাখার সঙ্গেও তিনি আংশিকভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে আইডিএফ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী আরো দাবি করে, আল-কাদি হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টায় যুক্ত ছিলেন।
আইডিএফের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ গাজার খান ইউনিসে চালানো ওই হামলায় তাকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়। ইসরাইলি সেনাবাহিনী তাকে হামাসের অভিজাত নুখবা ইউনিটের একটি কোম্পানির কমান্ডার হিসেবে চিহ্নিত করেছে।
তবে আল-কাদির নিহত হওয়ার বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


