ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় অঞ্চলটির আবাসিক ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও হামলায় কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ হামলায় ইসরাইলের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে, যার কারণ খুঁজে বের করতে তদন্ত করছে ইসরাইলের বিমান বাহিনী।
ইসরাইলের গণমাধ্যম আরুতজ শেভা জানিয়েছে, সামরিক বাহিনীর বরাতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে অন্তত দুইবার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
দ্য জেরুজালেম পোস্ট জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৭৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
ইসরাইলের ফায়ার সার্ভিস জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝখানে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। এতে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, আরাদের একটি হাসপাতাল জরুরি অবস্থা ঘোষণা করেছে। ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে বহু হতাহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার মধ্যে ৫ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক এবং অন্তত ১১ জন মাঝারি অবস্থায় রয়েছে।
পরিস্থিতির প্রেক্ষিতে ইসরাইলের শিক্ষা মন্ত্রণালয় রোববার ও সোমবার সারা দেশে সব ধরনের সরাসরি (ইন-পার্সন) ক্লাস বন্ধ ঘোষণা করেছে। আরাদ ও দিমোনায় সাম্প্রতিক দুটি হামলায় প্রায় ১০০ জন আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি মাঠপর্যায়ে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন।
সূত্র: আলজাজিরা, দ্য জেরুজালেম পোস্ট।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

