নতুন লঘুচাপে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আরো কয়েক দিন

নতুন লঘুচাপে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আরো কয়েক দিন

নতুন লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে তা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। আগের লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হলেও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট আকারে অবস্থান করছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে সাগর উত্তাল হয়ে ওঠায় চার সমুদ্র ও নৌবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে বারবার তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে এবং উপকূলীয় নৌবন্দরগুলোতেও এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়।

সংস্থাটি জানায়, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার আগের লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে, তবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট আকারে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষরেখা রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, আর মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে।

এর প্রভাবে আজ সোমবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি, কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, আর দিন-রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। আগামীকাল মঙ্গলবারও প্রায় একই পরিস্থিতি থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, লঘুচাপের প্রভাবে আগামী বুধবার পর্যন্ত সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে, উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি থাকলেও আগের মতো অতিবৃষ্টি নাও হতে পারে। রাজধানীতেও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এর আগে জানিয়েছিলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চলতি মাসজুড়েই সারা দেশে কমবেশি বৃষ্টি থাকতে পারে।

উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়লেও গত ২৪ ঘণ্টায় দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাত ছিল তুলনামূলক কম। রাজধানীতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি না হলেও সর্বোচ্চ ৯০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয় টেকনাফে। এছাড়া অন্যান্য উপকূলীয় এলাকাতেও বৃষ্টির প্রবণতা বেড়েছে। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় কিশোরগঞ্জে, আর রাজধানীতে তাপমাত্রা ছিল আগের দিনের মতো ৩২.৫ ডিগ্রি।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি লঘুচাপজনিত দুই থেকে তিন দিনের বৃষ্টির পর এ বছরের মতো আর বড় ধরনের ভারী বৃষ্টির শঙ্কা নেই। সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে তুলনামূলক অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন