স্থল নিম্নচাপের প্রভাবে আগামীকাল রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকতে পারে। এ অবস্থা কয়েকদিন অব্যাহত থাকলেও আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশেই বৃষ্টিপাতের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ প্রসঙ্গে শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আমার দেশকে বলেন, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এর প্রভাবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উপকূলসহ সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তিনি জানান, এ ছাড়াও দেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চলতি মাসজুড়েই সারাদেশে কমবেশি বৃষ্টি থাকতে পারে।
এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় এরই মধ্যে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে বারবার তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অপর সতর্কবার্তায় উপকূলীয় এলাকার নৌবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আগের দিনের তুলনায় শুক্রবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল। রাজধানীতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারে। এছাড়া সারা দেশের আবহাওয়া শুষ্ক ছিল। বৃষ্টিপাতের পরিমাণ কমে এ দিন সারাদেশে আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়ে দেশজুড়ে ভ্যাপসা গরম ছড়িয়েছে। শুক্রবার দিনাজপুরে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে তাপমাত্রা ছিল আগের দিনের মতো ৩৫ দশমিক ০ ডিগ্রি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


