দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী সময়ে নারী, শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে নিরাপত্তা, অধিকার ও প্রয়োজনভিত্তিক সেবা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে নারীর নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মো.মামুন খন্দকার।
বুধবার সকালে বরিশাল নগরীর বিডিএস কনফারেন্স হলে দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে প্রয়োজন-ভিত্তিক সচেতনতামূলক উদ্যোগ শীর্ষক এ আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। শিফট এশিয়া: এশিয়ায় নারীবাদী রূপান্তরের জন্য মানবিক উদ্যোগকে সহায়তা (বাংলাদেশ) প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সহযোগিতা করে অক্সফাম এবং বাস্তবায়ন করে আভাস।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মামুন খন্দকার আরো বলেন, দুর্যোগের সময় নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন ও পুনর্বাসন পর্যন্ত প্রতিটি পর্যায়ে নারীদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত নারীদের মানসিক স্বাস্থ্য ও জীবিকা পুনরুদ্ধারেও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন ডা. সায়েইদুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নেসা মুন্নি, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) শাহাজাদী আক্তার, বরিশাল জেলা ত্রাণ উপনির্বাচন কর্মকর্তা রঞ্জিত কুমার দাস এবং সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবীর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

