গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
নেতানিয়াহু বলেন, ইসরাইল ১৫ দফা নথিটি প্রত্যাখ্যান করেছে। তিনি স্পষ্ট করে বলেন, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্র করা না হওয়া পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনী গাজা থেকে কোনো ধরনের প্রত্যাহার করবে না।
হামাসকে শুধু নামমাত্র বা ‘ভুয়া’ভাবে নিষ্ক্রিয় করার পরিবর্তে সংগঠনটির প্রকৃত বিলুপ্তি চায় ইসরাইল—এমন অবস্থানের কথাও জানান নেতানিয়াহু। তার ভাষায়, ইসরাইলের লক্ষ্য হামাসের বাস্তব বিলুপ্তি, কাল্পনিক বিলুপ্তি নয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন আমরা এই বিষয়টি নিয়ে আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি। তাদের কিছু প্রস্তাব রয়েছে, যার কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়।
নেতানিয়াহুর এই বক্তব্যে গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্যের বিষয়টি আরো স্পষ্ট হয়েছে। হামাসকে নিরস্ত্রীকরণকে ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহারের অন্যতম প্রধান শর্ত হিসেবে দেখছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


