সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জাজান অঞ্চলের একটি তেল শোধনাগারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল)। সংগঠনটি এ হামলাকে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের ধারাবাহিক আগ্রাসনের অংশ হিসেবে উল্লেখ করেছে। হামলায় একজন কর্মী নিহত এবং আরো কয়েকজন আহত হন। এ ছাড়া সাময়িকভাবে শোধনাগারটির কিছু কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, ইরান-সমর্থিত গোষ্ঠীটি ওই তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে মুসলিম ওয়ার্ল্ড লিগ বলেছে, ‘সৌদি আরবের বিরুদ্ধে সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের অব্যাহত অপরাধমূলক আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে মুসলিম ওয়ার্ল্ড লিগ।’

সংগঠনটির মহাসচিব শেখ মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা বলেন, এ ধরনের হামলা সব ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আন্তর্জাতিক ও মানবিক আইন এবং রীতিনীতির লঙ্ঘন। বেসামরিক মানুষ ও স্থাপনা ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার মাধ্যমে হুথি মিলিশিয়াদের অপরাধমূলক কর্মকাণ্ডের ধরন আবারও স্পষ্ট হয়েছে।

তিনি আরো বলেন, মুসলিম ওয়ার্ল্ড লিগ এই কঠিন সময়ে সৌদি আরবের পাশে রয়েছে এবং দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন