আট বছর পর আবারও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে।
মঙ্গলবার সকালে ওমানের সালামএয়ারের মাস্কাট-সিলেট ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে ফ্লাইট অবতরণ শুরু হয়।
সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। যাত্রীদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে একই উড়োজাহাজটি মাস্কাটের উদ্দেশে সিলেট ত্যাগ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ।
বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সালামএয়ার। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর ইতিহাস অবশ্য পুরোনো। ২০১৫ সালের ১ এপ্রিল প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে দুবাইভিত্তিক ফ্লাইদুবাই সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে। পরে ২০১৮ সালের সেপ্টেম্বরে সিলেট রুটে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যায়।
এরপর দীর্ঘ সময় ধরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো বিদেশি এয়ারলাইন্স নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি। এতে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিতি থাকলেও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের ক্ষেত্রে এক ধরনের শূন্যতা তৈরি হয়।
সালামএয়ারের ফ্লাইট চালুর ফলে সেই পরিস্থিতির পরিবর্তন হলো। মাস্কাটের সঙ্গে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হওয়ায় সিলেটের যাত্রীদের জন্য ওমানসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সালামএয়ারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী মাস থেকে এ সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচটি করার পরিকল্পনা রয়েছে। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের প্রতিদিনই এ রুটে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছে এয়ারলাইনটি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সালামএয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া, ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।
বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হওয়ায় সিলেটের প্রবাসী যাত্রীদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

