হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে কমেছে জাহাজ চলাচল
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনাকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ দুটি নৌপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল এখনো কম রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতেও এ দুই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের পরিমাণে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।

বিজ্ঞাপন

সামুদ্রিক নৌ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, সোমবার বাব আল–মান্দেব প্রণালি দিয়ে মোট ২০টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ১২টি তেলবাহী ট্যাংকার এবং আটটি পণ্যবাহী জাহাজ রয়েছে। আগের দিন রোববারও একইসংখ্যক জাহাজ এই পথ ব্যবহার করেছিল।

লোহিতসাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা বাব আল–মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল আগে তুলনামূলক বেশি ছিল। হুথিরা ২০ জুলাই লোহিতসাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার আগে এই পথে প্রতিদিন গড়ে প্রায় ৪১টি জাহাজ চলাচল করত।

হুথিরা ইরানঘনিষ্ঠ গোষ্ঠী হিসেবে পরিচিত। তারা ওই ঘোষণার পর সৌদি আরবের কয়েকটি তেলবাহী জাহাজ ও জ্বালানি স্থাপনায় হামলা চালায়। এর মধ্য দিয়ে চলমান যুদ্ধে নতুন একটি সংঘাতের ক্ষেত্র তৈরি হয়।

অন্যদিকে, হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচল ধীর রয়েছে। রয়টার্স জানিয়েছে, সোমবার এই প্রণালি দিয়ে ছয়টি জাহাজ গেছে। এর মধ্যে তিনটি তেলবাহী ট্যাংকার এবং তিনটি পণ্যবাহী জাহাজ। আগের দিন রোববার এ সংখ্যা ছিল সাতটি।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার অনিশ্চয়তার কারণে গুরুত্বপূর্ণ এসব নৌপথে জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন