দেশীয় প্রযুক্তির এলএসডি ভ্যাকসিন খামারিদের খরচ কমাবে: কৃষিমন্ত্রী

দেশীয় প্রযুক্তির এলএসডি ভ্যাকসিন খামারিদের খরচ কমাবে: কৃষিমন্ত্রী

গবাদিপশুর জন্য ক্ষতিকর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) নিয়ন্ত্রণে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভ্যাকসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশে প্রতিবছর প্রায় আড়াই কোটি ডোজ এলএসডি ভ্যাকসিনের প্রয়োজন হয়। এতদিন বিদেশি ভ্যাকসিনের ওপর নির্ভর করতে হলেও এখন দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত ভ্যাকসিন উৎপাদন ও বাজারজাত করা সম্ভব হলে খামারিদের ব্যয় কমবে এবং টিকার সহজলভ্যতা বাড়বে।

শুক্রবার ৪ সেপ্টেম্বর) কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাঁহ মাঠে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) আয়োজিত এলএসডি ও গোটপক্স ভ্যাকসিনের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি খামারে এলএসডি রোগ দেখা দিলে দ্রুত অন্য গবাদিপশুর মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। তাই রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে। নির্ধারিত সময়ে গবাদিপশুকে টিকা দেওয়ার পাশাপাশি খামারিদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় গবাদিপশুর খাদ্য ব্যয় কমাতে বিএলআরআই উদ্ভাবিত উচ্চ পুষ্টিমানসম্পন্ন নতুন ঘাস চাষের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি জানান, নতুন জাতের ঘাসটিতে প্রায় ১৮ শতাংশ প্রোটিন রয়েছে। এটি চাষ করলে কম খরচে উন্নতমানের পশুখাদ্য উৎপাদন করা সম্ভব হবে এবং দানাদার খাদ্যের ওপর খামারিদের নির্ভরতা কমবে।

ব্ল্যাক বেঙ্গল ছাগলের সংরক্ষণ ও সম্প্রসারণে নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে জানিয়ে আমিন উর রশিদ বলেন, ইউনিয়নভিত্তিক উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ, উন্নত জাতের ছাগল সরবরাহ ও বিপণন সহায়তা দেওয়া হবে। এ কর্মসূচিতে নারী ও যুব উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের মূল্যবান প্রাণিসম্পদ সম্পদ। এর মাংস ও চামড়ার আন্তর্জাতিক বাজার রয়েছে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও পরিকল্পিত সম্প্রসারণের মাধ্যমে এ খাত গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে।

বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিএলআরআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা শ্রমিক দলের সভাপতি তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক খামারি উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের আওতায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার গবাদিপশুর মধ্যে ২ হাজার ডোজ এলএসডি এবং ১০০ ডোজ গোটপক্স ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন