ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক সমঝোতা চুক্তির অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের ইরানি তহবিল ফেরত দেওয়া হবে।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “সমঝোতা স্মারকের সব ধারাই আমাদের পক্ষে রয়েছে এবং এই আলোচনা ও দরকষাকষির অর্জনগুলো শিগগিরই স্পষ্ট হবে।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি তাঁর ভাষণে ইরানের ওপর নানা বিধিনিষেধের কথা বলেছিলেন, এখন সেসব বিষয়কেই ইরানি জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
পেজেশকিয়ান বলেন, “কাতারে থাকা আমাদের ৬০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে।”
এ সময় তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও কটাক্ষ করেন। তাঁর ভাষায়, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় সবচেয়ে অসন্তুষ্ট ব্যক্তি হবেন নেতানিয়াহু।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, “যুক্তরাষ্ট্রের একমাত্র শর্ত হলো, আমাদের যেন পারমাণবিক বোমা না থাকে। এটি এমন একটি বিষয়, যা শহীদ নেতা বারবার বলেছেন—আমরা পারমাণবিক বোমা চাই না।”
তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ধর্মীয় নির্দেশনার উল্লেখ করে বলেন, ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধী অবস্থানে রয়েছে।
পেজেশকিয়ানের দাবি, “যুক্তরাষ্ট্র বলেছে, ‘এটি লিখে স্বাক্ষর করুন’—আর আমরা তাতে স্বাক্ষর করেছি।”
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


