আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটায় দলের ইউনিয়ন, বিভাগ ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রব্বানী লংমার্চ সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং কর্মসূচি সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। একই সঙ্গে লংমার্চে সর্বোচ্চ জনসম্পৃক্ততা নিশ্চিত করতে ব্যাপক গণসংযোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, আমরা যে দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করছি, তা কোনো একক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর দাবি নয়। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা—এ সবই সাধারণ জনগণের দাবি। দেশের ৭০ শতাংশ ভোটার, যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, এটি তাদের সবার দাবি। তাই এসব দাবি আদায়ে লংমার্চ সফল করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলী, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. আশরাফ আলী ও পৌর জামায়াতের আমির মাওলানা মাহফুজার রহমানসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

