দক্ষিণ লেবাননে ইসরাইলি সামরিক বাহিনী হামলা ও গোলাবর্ষণ করে পরিকল্পিতভাবে দাবানল সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় দমকলকর্মী ও বাসিন্দারা। তাদের দাবি, যুদ্ধবিরতির পরও বিভিন্ন বনাঞ্চল, জলপাইবাগান ও কৃষিজমিতে ড্রোন, অগ্নিসংযোগকারী গোলা ও ফ্লেয়ার ব্যবহারের কারণে আগুন ছড়িয়ে পড়ছে।
নাবাতিয়েহ অঞ্চলের সিভিল ডিফেন্স প্রধান হুসেইন ফাকিহ বলেন, সাম্প্রতিক সময়ে তাদের বেশির ভাগ অভিযানই আগুন নেভানোর কাজে সীমাবদ্ধ হয়ে পড়েছে। সীমান্তবর্তী এলাকায় প্রায় ৩০–৪০ শতাংশ জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান।
পরিবেশবাদীরা বলছেন, এটি দক্ষিণ লেবাননের পরিবেশ ধ্বংসের দীর্ঘদিনের একটি ধারাবাহিকতার অংশ। বন, প্রাচীন ওলিভগাছ ও বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবিকাও হুমকির মুখে পড়েছে।
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের অভিযোগ নিয়ে ইসরাইলি সামরিক বাহিনীর কাছে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো জবাব দেয়নি।
দক্ষিণ লেবাননের ইয়রুনের হাফেজ ঘাশাম বলেন, ইসরাইলি বাহিনী গ্রামটির বেশিরভাগ বাড়ি ধ্বংস করার পর অবশিষ্ট জলপাইগাছ ও ফলের বাগানেও আগুন ধরিয়ে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এর মাধ্যমে এলাকাটিকে বসবাসের অনুপযোগী করে তাদের ইতিহাস, সংস্কৃতি ও জীবিকার চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

