কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৫ টাকা নির্ধারণের দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রংপুর নগরীর নবদীগঞ্জ এলাকায় রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শনিবারের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী রোববার রংপুরের সব কোল্ড স্টোরেজে গিয়ে প্রতি কেজি ৫ টাকা হারে সংরক্ষণ ভাড়া পরিশোধ করে নিজেদের আলু নিজেরাই বের করে নিয়ে যাবেন।
বিভিন্ন এলাকা থেকে শত শত আলুচাষি ও ব্যবসায়ী নগরীর নবদীগঞ্জ এলাকায় জড়ো হন। পরে তারা রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়কে কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধ চলাকালে সেখানে বক্তব্য দেন আলুচাষি নেতা আলতাফ হোসেন, সরওয়ার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভকারীরা বলেন, কৃষি বিভাগের প্রতিবেদনে কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলু সংরক্ষণে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত খরচ হয় বলে উল্লেখ করা হয়েছে। অথচ কোল্ড স্টোরেজ মালিকরা প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য ৭ টাকার নিচে নিতে চাইছেন না। এতে আলুচাষি ও ব্যবসায়ীরা চরম লোকসানের মুখে পড়ছেন।
আলুচাষিরা বলেন, আলু উৎপাদন, পরিবহন ও সংরক্ষণে ইতোমধ্যে তাদের বিপুল অর্থ ব্যয় হয়েছে। এর সঙ্গে কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া যোগ হলে উৎপাদন খরচের তুলনায় আলুর বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হবেন হাজার হাজার কৃষক ও ব্যবসায়ী।
আন্দোলনকারীরা দাবি করেন, কৃষি বিভাগের ব্যয়সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা নির্ধারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে তারা নিজেরাই কোল্ড স্টোরেজে গিয়ে সংরক্ষিত আলু বের করে নেওয়ার ঘোষণা দেন।
এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়, শনিবারের মধ্যে দাবি মেনে না নিলে আগামী রোববার থেকে রংপুরের সব কোল্ড স্টোরেজে গিয়ে আলু বের করে নেওয়ার কর্মসূচি পালন করা হবে। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধের পর আলুচাষি ও ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আলুচাষি ও ব্যবসায়ীরা দ্রুত তাদের দাবি মেনে নিয়ে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কমানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

