সৌদির দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা

সৌদির দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা
ছবি: আনাদোলু

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। একই সময়ে দেশটির রাজধানী রিয়াদের একটি বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ কয়েকটি তেল স্থাপনাতেও হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী।

বিজ্ঞাপন

রোববার দাম্মাম বিমানবন্দরে হামলার কথা জানায় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

সংস্থাটি বলেছে, দেশটির বেসামরিক বিমান চলাচল কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন শনাক্ত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

এর আগে রোববার দিনের প্রথমভাগে রাজধানী রিয়াদের বাদশাি খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার খবর জানায় জিএসিএ।

সংস্থাটি জানিয়েছে, ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিদের সংখ্যা ও তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এক টেলিভিশন বার্তায় তিনি দাবি করেন, তাদের হামলা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। এতে বিমান চলাচল ব্যাহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইয়াহিয়া সারি আরো দাবি করেন, রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর পূর্বাঞ্চলীয় প্রদেশের শেডগাম গ্যাস প্ল্যান্ট ও তানাজিব তেল স্থাপনাও তাঁদের হামলার লক্ষ্য ছিল।

হুথি সামরিক মুখপাত্র বলেন, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে ভবিষ্যতে আরও হামলার হুমকি দেন তিনি।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন