জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক জ্বালানিব্যবস্থায় বিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে তুরস্ক। দেশটির আনতালিয়ায় আজ সোমবার শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। ইরানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতার বিষয়টি নতুন করে সামনে এসেছে। এমন পরিস্থিতিতে সম্মেলনের আলোচ্যসূচিতে বিদ্যুতায়নকে বিশেষ গুরুত্ব দিতে চায় তুরস্ক।
সম্মেলন সামনে রেখে তুরস্ক ‘৩৫ বাই ৩৫ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ নামে একটি অ-বাধ্যতামূলক অঙ্গীকারের উদ্যোগ নিয়েছে। এর লক্ষ্য, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি চাহিদার অন্তত ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণ করা। বর্তমানে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ আসে বিদ্যুৎ থেকে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, এই হিসাব করা হয়েছে চূড়ান্ত জ্বালানি ব্যবহারের ভিত্তিতে।
তুরস্কের মতে, ‘৩৫ বাই ৩৫’ উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।
কপ-৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম গত বৃহস্পতিবার বলেন, ‘এ বছরের জ্বালানি সংকট আমাদের বড় ধাক্কা দিয়েছে। এখন সবাই বুঝতে পারছে, যে জ্বালানি আমদানি করতে হয়, তার ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না।’
তিনি আরো বলেন, ‘বিদ্যুতায়নই এর সমাধান। এটি বৈশ্বিক বাজারের অস্থিরতা থেকে জনগোষ্ঠীকে সুরক্ষা দেয় এবং কার্বন নিঃসরণ কমায়।’
তার ভাষায়, কপ-৩১-এর লক্ষ্য হলো বিশ্বকে বিদ্যুতের যুগে প্রবেশ করানো।
বিদ্যুতায়নের পাশাপাশি সম্মেলনের অগ্রাধিকারমূলক আলোচ্যসূচিতে রয়েছে শূন্য বর্জ্য উৎপাদন, মিথেন নিঃসরণ কমানো, জলবায়ু সহনশীল নগর গড়ে তোলা, পরিবেশবান্ধব শিল্পায়ন, শিক্ষা এবং দেশগুলোর জাতীয় জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন।
তবে তুরস্কের বিদ্যুতায়ন উদ্যোগ নিয়ে সমালোচনাও রয়েছে। জলবায়ু আন্দোলনকারীদের অভিযোগ, এই অঙ্গীকারে নতুন করে উৎপাদিত বিদ্যুৎ অবশ্যই কম কার্বন নিঃসরণকারী উৎস থেকে আসতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে শুধু বিদ্যুতের ব্যবহার বাড়ালেই সেটিকে জলবায়ু সুরক্ষায় অগ্রগতি হিসেবে বিবেচনা করা যায় কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রসহ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার বিষয়ে আরো সুস্পষ্ট বৈশ্বিক রূপরেখা প্রণয়নের দাবি জানাচ্ছে।
অন্যদিকে সৌদি আরবসহ তেল ও গ্যাস উৎপাদনকারী অনেক দেশের অবস্থান ভিন্ন। তাদের যুক্তি, নিঃসরণ কমানো বা তা ধরে রাখার প্রযুক্তি ব্যবহার করা হলে বৈশ্বিক জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানির উল্লেখযোগ্য ভূমিকা থাকতে পারে।
ইরান যুদ্ধের প্রভাব
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। বিকল্প জ্বালানির উৎস খুঁজতে বিভিন্ন সরকারকে তৎপর হতে হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল, গ্যাস ও কয়লার উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার নীতিকে উৎসাহিত করেছেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়া, ভারত, থাইল্যান্ডসহ এশিয়ার কয়েকটি দেশ কয়লার ওপর নির্ভরতা বাড়িয়েছে। কোনো কোনো দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগও নিয়েছে।
তবে একই সময়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বেড়েছে। চীন থেকে কম দামে পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তি রপ্তানি বাড়ায় এ খাতে গতি এসেছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

