হরমুজ প্রণালিতে কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ।
গতকাল সোমবার এ দাবি করে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মহাকাশ বাহিনী ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ড্রোন দুটি নামিয়ে আনে।
তাসনিমের তথ্য অনুযায়ী, ড্রোন দুটি ছিল এমকিউএম-১৭০ মডেলের। এ নিয়ে একই ধরনের চারটি ড্রোন ইরানি বাহিনীর হাতে আটক বা নিয়ন্ত্রণে নেওয়ার খবর পাওয়া গেল। তবে সর্বশেষ অভিযানের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। শুধু বলা হয়েছে, ইরানের পদক্ষেপের কারণে ড্রোন দুটি তাদের নির্ধারিত অভিযান সম্পন্ন করতে পারেনি।
গত সপ্তাহেও একই ধরনের দুটি ঘটনার কথা জানিয়েছিল ইরান। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, কেশম দ্বীপের আকাশে একটি এমকিউএম-১৭০ ড্রোন ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করেছে আইআরজিসির মহাকাশ বাহিনী।
এর আগের দিন বৃহস্পতিবার আইআরজিসির নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির পশ্চিম অংশে একই মডেলের আরেকটি ড্রোনের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। ড্রোনটি অক্ষত অবস্থায় অবতরণ করানো হয়েছে বলেও দাবি করে বাহিনীটি। তবে বৃহস্পতিবারের ঘটনার বিষয়ে ইরানের দাবি প্রত্যাখ্যান করেছিল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
এদিকে ড্রোন ভূপাতিত করার সর্বশেষ দাবির সময় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল সোমবার জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশ বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।
বাঘাই আরো জানান, এই যোগাযোগ এগিয়ে নিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি কাতারের রাজধানী দোহা সফর করেছেন। কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা বিনিময়ের প্রক্রিয়া সহজ করাই ছিল এ সফরের উদ্দেশ্য।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সম্পদ ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
এর আগে ১৮ জুন হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করেছিল। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে দুই দেশের মতবিরোধের কারণে এর বাস্তবায়ন আটকে যায়।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

