যুক্তরাষ্ট্রের হুমকি ও কঠোর হুঁশিয়ারির মুখে নতি স্বীকার বা আপস নয়, বরং যেকোনো পরিস্থিতির জন্য তেহরান ‘প্রস্তুত’ রয়েছে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান।
তেহরান থেকে আলমিগদাদ আলরুহাইদ জানিয়েছেন, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে সতর্ক করে বলেছেন যে সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এমন তীক্ষ্ণ ও হুমকিস্বরূপ বক্তব্যের জবাবে তেহরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার পরিবর্তে স্পষ্ট অবাধ্যতার মনোভাব প্রকাশ করা হয়েছে।
রোবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, নতুন করে কোনো সংঘাতের সূচনা হলে তা কেবল যুক্তরাষ্ট্রের জন্য আরো মারাত্মক ও বিধ্বংসী আঘাত বয়ে আনবে।
তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে এ অঞ্চলে মার্কিন সম্পদ ও ঘাঁটিগুলোর ওপর সম্পূর্ণ নতুন ধরনের আক্রমণাত্মক এবং অপ্রত্যাশিত কৌশল নিয়ে পাল্টা জবাব দেওয়া হবে।
বর্তমানে উভয় পক্ষের মধ্যেই সুর দিন দিন আরো কঠোর হচ্ছে। তবে তেহরানের দৃষ্টিকোণ থেকে, তাদের এই অবস্থান মূলত একটি প্রতিরোধমূলক ভঙ্গি, যার মাধ্যমে আপসের চেয়ে নিজেদের যুদ্ধপ্রস্তুতির সংকেত দেওয়া হচ্ছে। একই সময়ে, দুই দেশের মধ্যে বাগাড়ম্বর ক্রমাগত বাড়ার কারণে কূটনৈতিক আলোচনার পথ আরো সংকীর্ণ হয়ে পড়ছে।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


