জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আন্তর্জাতিক সংস্থাটিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই। তিনি জাতিসংঘকে ‘অকার্যকর সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে এর কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেন।
নিউইয়র্কে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মাইলেই বলেন, জাতিসংঘ এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার প্রধান উদ্দেশ্য নিজেদের স্বার্থে কাজ করা একদল ‘অহংকারী পরজীবী’ আমলাকে টিকিয়ে রাখা।
ভাষণের শুরুতেই তিনি জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তার ভাষায়, প্রতিষ্ঠানটি এখন এমন এক সংগঠনে পরিণত হয়েছে, যার ‘একমাত্র উদ্দেশ্য’ সদিচ্ছার মুখোশধারী আমলাদের একটি শ্রেণিকে টিকিয়ে রাখা।
মাইলেই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অবস্থান নিয়েও সমালোচনা করেন। বিশেষ করে ইসরাইলকে ঘিরে সংস্থাটির অবস্থানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, নিজেদের মানবাধিকারের রক্ষক হিসেবে উপস্থাপনকারীরা এমন কিছু ‘স্বৈরশাসক’ ও এমন সব শাসনব্যবস্থাকে আশ্রয় দিয়েছে, যেখানে নারীদের রাস্তায় পাথর ছুড়ে হত্যার মতো ঘটনা ঘটে।
তিনি আরো অভিযোগ করেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সদস্যরাষ্ট্র নিয়মিতভাবে ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে, অথচ আফ্রিকায় খ্রিষ্টানদের ওপর সংঘটিত সহিংসতার বিষয়ে নীরব থেকেছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


