ইরাকের কুর্দিস্তানে কার্যক্রম বন্ধ করল মার্কিন জ্বালানি কোম্পানি

ইরাকের কুর্দিস্তানে কার্যক্রম বন্ধ করল মার্কিন জ্বালানি কোম্পানি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন জ্বালানি কোম্পানি এইচকেএন এনার্জি।

কোম্পানির এক কর্মকর্তার বরাত দিয়ে কুর্দি সংবাদমাধ্যম রুদাউ এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ইরাকের তেল মন্ত্রণালয়ের সঙ্গে হামরিন তেলক্ষেত্রের উন্নয়নে এইচকেএন একটি চুক্তি স্বাক্ষর করার মাত্র কয়েক দিন পর এই সিদ্ধান্ত এল। কুর্দিস্তানের সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত এই তেলক্ষেত্রটি নিয়ে গত ৯ জুলাই দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছিল। চুক্তির লক্ষ্য ছিল দৈনিক তেল উৎপাদন ১ লাখ ৪০ হাজার ব্যারেলে এবং গ্যাস উৎপাদন ৪ কোটি ঘনফুটে উন্নীত করা।

সম্প্রতি ইরাকের ইরবিল ও সুলাইমানিয়াহ প্রদেশে একের পর এক ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় ইরানের একটি কুর্দি বিরোধী দলের ৯ জন সদস্য নিহত হন। এই নিরাপত্তা সংকটের পরই মার্কিন কোম্পানিটি তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিল।

এর আগে, গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিত্তিক প্রতিষ্ঠান ডানা গ্যাসও তাদের কার্যক্রম সাময়িক স্থগিত করে। সুলাইমানিয়াহর কাছে খোর মোর গ্যাসক্ষেত্রে ‘বিশ্বাসযোগ্য হুমকি’ থাকার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল। উদ্ভূত পরিস্থিতির কারণে এখন মার্কিন কোম্পানিটিও একই পথ বেছে নিল।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন