ক্যান্সার শনাক্তে রেকর্ড, বছরে ৪ লাখ ছাড়াল যুক্তরাজ্যে

আমার দেশ অনলাইন

ক্যান্সার শনাক্তে রেকর্ড, বছরে ৪ লাখ ছাড়াল যুক্তরাজ্যে
ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যে প্রতি বছর ৪ লাখের বেশি মানুষের শরীরে ক্যান্সার শনাক্ত হচ্ছে, যা একটি রেকর্ড উচ্চ সংখ্যা এবং দেশটির স্বাস্থ্যব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপের ইঙ্গিত দিচ্ছে। নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর

ক্যানসার রিসার্চ ইউকে জানিয়েছে, বর্তমানে বছরে প্রায় ৪ লাখ ৩ হাজারের বেশি ক্যান্সারের নতুন ঘটনা শনাক্ত হচ্ছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১,১০০ জন এবং প্রতি ৮০ সেকেন্ডে একজন করে নতুন রোগী শনাক্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশটির জনসংখ্যা বৃদ্ধি ও বয়স্ক মানুষের সংখ্যা বাড়া। পাশাপাশি স্থূলতার হার বৃদ্ধি এবং ধূমপানের মতো ঝুঁকিপূর্ণ অভ্যাসও ক্যান্সারের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবেদন অনুযায়ী, শুধু ধূমপানের কারণেই প্রতি বছর প্রায় ৫৭ হাজার ৭০০ ক্যানসারের ঘটনা ঘটছে।

যদিও ক্যান্সার আক্রান্তদের বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে—বর্তমানে প্রায় অর্ধেক রোগী অন্তত ১০ বছর বেঁচে থাকেন—তবুও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে যথাযথ পদক্ষেপ না নিলে এই অগ্রগতি থমকে যেতে পারে।

ক্যান্সার রিসার্চ ইউকের প্রধান নির্বাহী মিশেল মিচেল বলেন, ’পরিকল্পনা প্রকাশ করাই ক্যান্সারের ক্ষেত্রে ‘কাজ শেষ’ হওয়া নয়।’

প্রতিবেদনে প্রতিরোধযোগ্য ঝুঁকি কমানো, স্ক্রিনিং কার্যক্রম সম্প্রসারণ এবং দ্রুত রোগ নির্ণয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, ক্যান্সার চিকিৎসার জন্য অপেক্ষার সময় বর্তমানে রেকর্ড খারাপ অবস্থায় রয়েছে এবং অনেক রোগীকেই চিকিৎসা শুরু করতে বিলম্বের মুখে পড়তে হচ্ছে।

ক্যান্সার দাতব্য সংস্থাটি যুক্তরাজ্য জুড়ে সরকারগুলোকে গবেষণা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানোর জন্য অনুরোধ করেছে এবং সতর্ক করেছে যে রোগীদের জন্য আরো ভালো ফলাফল নিশ্চিত করতে টেকসই পদক্ষেপ প্রয়োজন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...