ওমানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে ‘বিপজ্জনক’ এবং ‘গুন্ডামি’ বলে বর্ণনা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, ‘যে দেশ সর্বদাই আঞ্চলিক শান্তি ও সুরক্ষায় গঠনমূলক, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং বহু বছর ধরে কূটনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে নিজের মহৎ প্রচেষ্টা উৎসর্গ করেছে, জাতিসংঘ সদস্যভুক্ত এমন একটি রাষ্ট্রকে ‘ধ্বংস’ করার হুমকি দেওয়া শুধু বলপ্রয়োগের নিষেধাজ্ঞা সংক্রান্ত মৌলিক নীতিরই লঙ্ঘন নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আইনহীনতা এবং গুন্ডামিকে স্বাভাবিকীকরণের আরেকটি বিপজ্জনক লক্ষণ।’
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পরিচালনার জন্য ওমান যদি ইরানের সঙ্গে কোনো চুক্তিতে আবদ্ধ হয়, তবে তিনি ওমানকে ‘উড়িয়ে’ দেবেন।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট বলেছিলেন, ওমান যদি হরমুজ প্রণালিতে একটি ‘টোলিং সিস্টেম’ বা শুল্ক ব্যবস্থা তৈরিতে ইরানকে সহায়তা করে, তবে ট্রাম্প প্রশাসন ওমানের ওপর ‘আগ্রাসীভাবে’ নিষেধাজ্ঞা আরোপ করবে।
এর জবাবে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের এই হুমকিকে ‘জাতিসংঘের সদস্য একটি স্বাধীন রাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা’ এবং ‘মার্কিন শাসনব্যবস্থা ও রাজনীতির নৈতিক দেউলিয়াত্বের আরেকটি লক্ষণ’ হিসেবে বর্ণনা করেছেন।
ইরানের এই মুখপাত্র নিষেধাজ্ঞার হুমকিকে একটি ‘অবৈধ কাজ’ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে আন্তর্জাতিক আইনি রীতিনীতি লঙ্ঘনের এই ক্রমবর্ধমান স্বাভাবিকীকরণ প্রতিরোধ করতে এবং এর বিরুদ্ধে সাড়া দিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, রয়া নিউজ
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


