হরমুজ উত্তেজনায় তেলের দাম ৯ শতাংশ বেড়ে এক মাসের সর্বোচ্চে

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হরমুজ উত্তেজনায় তেলের দাম ৯ শতাংশ বেড়ে এক মাসের সর্বোচ্চে

হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণার প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মঙ্গলবার ওয়াশিংটন সময় বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় ২০০০) থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল করতে যাচ্ছে। গত জুনের মাঝামাঝি এই অবরোধ প্রত্যাহার করা হয়েছিল।

বিজ্ঞাপন

গেলবার অ্যান্ড অ্যাসোসিয়েটস–এর বিশ্লেষকরা এক প্রতিবেদনে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানি সামুদ্রিক চলাচলের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় স্বল্পমেয়াদে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।”

লেনদেন শেষে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৭৩ ডলার বা ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়েছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ২ এপ্রিলের পর সবচেয়ে বড় একদিনের ডলারভিত্তিক উল্লম্ফন এবং ১২ জুনের পর সর্বোচ্চ সমাপনী মূল্য রেকর্ড করেছে।

এদিকে, ডব্লিউটিআইয়ের দাম ২৯ এপ্রিলের পর সবচেয়ে বড় দৈনিক বৃদ্ধি এবং ১৫ জুনের পর সর্বোচ্চ সমাপনী অবস্থানে পৌঁছেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন