ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত থাকলেও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি বলে স্পষ্ট জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সুর ও ভাষার তীব্র বিরোধিতা করে বাঘাই বলেন, ৪৭ বছর আগেই ইরান শর্ত চাপিয়ে দেওয়ার ভাষাকে বিদায় জানিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ইরান কেবল তার জনগণের স্বার্থ এবং অধিকারের ওপর ভিত্তি করেই যেকোনো সিদ্ধান্ত নিয়ে থাকে।
নৌঅবরোধ এবং হরমুজ প্রণালি প্রসঙ্গে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যেটিকে অবরোধ বলছে, ইরানের দৃষ্টিতে তা এই যুদ্ধের শুরু থেকেই একটি অবৈধ পদক্ষেপ। একই সঙ্গে এটি যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতার পরিপন্থি।
বাঘাই আরো বলেন, নৌঅবরোধ প্রত্যাহারের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বাস্তবে কার্যকর করা হয় কি-না, নাকি এটি কেবলই একটি ‘প্রচারণামূলক দাবি’ হিসেবে থেকে যায়, ইরান এখন সেটিই দেখতে চায়।
সব মিলিয়ে আজ ইরানের পক্ষ থেকে অনেক বেশি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য আলোচনা চললেও মূল বিতর্কিত বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


