ট্রাম্পের সঙ্গে আমার ‘কৌশলগত মতবিরোধ’ তৈরি হয়েছে, নেতানিয়াহুর স্বীকারোক্তি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ট্রাম্পের সঙ্গে আমার ‘কৌশলগত মতবিরোধ’ তৈরি হয়েছে, নেতানিয়াহুর স্বীকারোক্তি
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সিএনবিসি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক, ইরানের সঙ্গে যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে তিনি বিনিয়োগকারীদের ইসরাইলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে শান্তি আলোচনা চালাচ্ছে, ঠিক তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযান অব্যাহত রাখা নিয়ে এক ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে গালিগালাজ করেছেন-এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই জেরুজালেমে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্রাম্প ওই ফোনালাপে নেতানিয়াহুকে ‘তুমি উন্মাদ’ বলে গালি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নিউ ইয়র্ক পোস্টের ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে বলেছেন, ‘লেবাননের সঙ্গে তার (নেতানিয়াহুর) ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাওয়া দেখে আমি কিছুটা ক্ষুব্ধ হয়েছিলাম।’ তবে নেতানিয়াহুকে এই গালির বিষয়ে সিএনবিসি প্রশ্ন করলে তিনি বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান।

নেতানিয়াহু জানান, ট্রাম্পের সঙ্গে তার প্রতি দুই দিনে একবার কথা হয় এবং যুদ্ধ পরিচালনা নিয়ে ট্রাম্পের সঙ্গে তার কিছু ‘কৌশলগত দ্বিমত’ থাকতে পারে, তবে সামগ্রিকভাবে তারা অনেক বিষয়ে একমত।

তিনি ইরানকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের জন্য একটি অস্তিত্বের হুমকি হিসেবে বর্ণনা করে বলেন, দেশটিকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা অত্যন্ত জরুরি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ যেসব ইউরোপীয় নেতা ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন, তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, ‘ইউরোপীয় নেতারা যেভাবে নিজেদের দেশে কট্টরপন্থি ইসলামি সংখ্যালঘুদের তোষণ করছেন, তা লজ্জাজনক।’

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। তবে নেতানিয়াহু বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ থাকায় এই পথনির্ভর পক্ষগুলো ইতোমধ্যেই ‘বিকল্প রুট বা পথ তৈরি করছে’ যা জ্বালানি ঘাটতি পূরণ করবে।

চলমান যুদ্ধ সত্ত্বেও ২০২৬ সালে ইসরাইলের অর্থনীতি ৩.৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে। নেতানিয়াহু তেল আবিব ৩৫ সূচক ও শেকেলের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং বলেন, ‘ইসরাইলের সবকিছুই এখন চাঙ্গা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এনভিডিয়া এখানে বিনিয়োগ করেছে, তারা আমাদের নীল চোখের কারণে এটি করেনি।’

ইরানের বর্তমান নেতৃত্ব ‘ব্যাপকভাবে’ দুর্বল হয়ে পড়েছে উল্লেখ করে নেতানিয়াহু সেখানে সরকার পরিবর্তনের আশা প্রকাশ করেন। তবে এই পরিবর্তন ঠিক কবে নাগাদ হবে তা নিশ্চিত করে বলতে পারেননি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের কমিটিতে জানিয়েছেন, ইরান তাদের পরমাণু কর্মসূচির কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারে।

অন্যদিকে, ট্রাম্পের দাবি, ইরান পরমাণু অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। তবে ইরানের এক কর্মকর্তা এই দাবিকে ‘বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে কুয়েত বিমানবন্দরে একজন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে।

সূত্র: সিএনবিসি

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন