কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউপি চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ইউনিয়নের খামারপাড়া, মিয়াজীপাড়া, লরাবাগ, রাবারড্রামসহ বিভিন্ন এলাকায় মাদক সেবন ও আড্ডার জন্য ব্যবহৃত বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের জন্য গড়ে তোলা কয়েকটি ঝুপড়ি ঘর চিহ্নিত করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়।
অভিযানে থানার এএসআই আবু তাহেরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অংশ নেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন, মুজিবুর রহমান ও আবু ছালেহ, গ্রাম পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনার পাশাপাশি অংশগ্রহণকারীরা স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করেন। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। মাদকের কারণে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় ও বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, ‘মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সকলে সোচ্চার হই। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

